আল আজাদ : ১৫ মার্চ সোমবার কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থায় রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ঢাকা আসেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে যে কোন ত্যাগ ও অসুবিধা স্বীকার করে দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্যে প্রস্তুত থাকতে জনগণের প্রতি আহবান জানান।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বায়তুল মোকাররমে একটি সমাবেশের আয়োজন করে। এতে নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে অস্ত্র হাতে প্রস্তুত থাকতে জাতির প্রতি আহবান জানান। তারা বলেন, আমরা ১ মার্চ বাংলাদেশের মুক্তির কথা ঘোষণা করেছি।
সভাপতির ভাষণে ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, যারা সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে তাদের সঙ্গে আমাদের আপস নেই।
সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বলেন, প্রতিপক্ষ চরম আঘাত হানার জন্যে হয়তো অপেক্ষা করছে।
ডাকসু সহ সভাপতি আ স ম আব্দুর রব বলেন, বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের উপর সামরিক বিধি জারি করার ক্ষমতা কারো নেই। বাংলার জনগণ একমাত্র বঙ্গবন্ধুর নির্দেশই মেনে নেবে।
সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মাখন বলেন, বাংলাদেশে যদি কোন আইন জারি করতে হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করবেন।