উত্তাল মার্চ : জনগণের মুক্তির উদ্দীপনা নিভিয়ে দেওয়া যাবে না

প্রকাশিত March 14, 2022
উত্তাল মার্চ : জনগণের মুক্তির উদ্দীপনা নিভিয়ে দেওয়া যাবে না

আল আজাদ : ১৪ মার্চ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির উদ্দীপনা নিভিয়ে দেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ বংশধররা যাতে স্বাধীন দেশে স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে বাস করতে পারে তার নিশ্চয়তা বিধান করতে আমরা প্রাণ দিতেও প্রস্তুত আছি।
ন্যাপ প্রধান ওয়ালী খান বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। পরে বঙ্গবন্ধু সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ঢাকায় এলে তিনি তার সঙ্গে দেখা করতে প্রস্তুত আছেন।
সংবাদপত্র প্রেস কর্মচারী ফেডারেশনের একটি বিরাট মিছিল বঙ্গবন্ধুর বাসভবনে পৌঁছলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, জয় আমাদের হবেই।
ঢাকা শহর প্রতি মুহূর্তে সভা-সমাবেশ-স্লোগানে উজ্জীবিত হতে থাকে। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শহরের কয়েকটি স্থানে চেকপোস্ট স্থাপনের কথা ঘোষণা করে। দেশরক্ষা খাত থেকে বেতন প্রাপ্ত বেসামরিক কর্মচারীরা কর্তৃপক্ষ ঘোষিত নির্দেশের প্রতিবাদে মিছিল বের করা ছাড়াও কাজে যোগদান থেকে বিরত থাকেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আরো কিছু নির্দেশ জারি করা হয়।
করাচিতে এক জনসভায় জুলফিকার আলী ভুট্টো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দুই সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালে বেশ কয়েকজন নেতা এর প্রতিবাদ জানান।
সুনামগঞ্জে বিমান বাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান চৌধুরীর পরিচালনায় সামরিক প্রশিক্ষণ শুরু করা হয়।