অমর একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ

প্রকাশিত November 28, 2017
অমর একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ

লন্ডন প্রতিনিধি : অমর একুশের গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিস, কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন।
৮৩ বছর বয়সী এই সাংবাদিক তিন সপ্তাহ যাবত মিডলসেক্সের নরউইক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে কথা বলতে তার কষ্ট হচ্ছে।
সোমবার বিকেলে তাকে মিডলসেক্সের নরউইক হাসপাতালে দেখতে যান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাংবাদিক মতিয়ার চৌধুরী।
আব্দুল গাফফার চৌধুরীর তৃতীয় কন্যা বিনীতা চৌধুরী জানান, সংজ্ঞা হারানোর পর রবিবার একবার তার এমআরআই করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, এমআরআইর প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে হাসপাতালে ভিড় না করতে ও তার সাথে কথা না বলতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। কথা বলতে তার কষ্ট হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ ও সাংবাদিক মতিয়ার চৌধুরী আব্দুল গাফফার চৌধুরীর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।