শতাব্দি পেরিয়েও প্রাসঙ্গিক ‘সুলতানার স্বপ্ন’ || রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে সৃজনশীল অনুভূতি প্রকাশ

প্রকাশিত October 23, 2026
শতাব্দি পেরিয়েও প্রাসঙ্গিক ‘সুলতানার স্বপ্ন’ || রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে সৃজনশীল অনুভূতি প্রকাশ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত কালজয়ী গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের শতবর্ষ পেরিয়ে আজও সমসাময়িক সমাজে কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে সৃজনশীল অনুভূতি প্রকাশ ও পাঠ প্রতিক্রিয়ার বই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর/৭ কার্তিক) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের ব্যবস্থাপনায় সনাতন-দীননাথ পাঠকক্ষে ‘সুলতানার স্বপ্ন : শতাব্দি পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শুভাশীষ চক্রবর্তী বলেন, “১৯০৫ সালে রচিত ‘সুলতানার স্বপ্ন’ কেবল একটি গল্প নয় বরং বিজ্ঞানমনস্কতা, পরিবেশ-বান্ধব উন্নয়ন ও জেন্ডার সমতার এক দূরদর্শী রূপরেখা। শত বছর আগে বেগম রোকেয়া সৌরশক্তি ব্যবহার, আকাশযান এবং যুদ্ধের বিকল্প হিসেবে জ্ঞান ও বিজ্ঞানের যে নারীস্থানের স্বপ্ন দেখিয়েছিলেন, তা বর্তমান জলবায়ু সংকট ও যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তরুণ পাঠক ও শিক্ষার্থীরা ‘সুলতানার স্বপ্ন পড়ো’ শিরোনামে তাদের নিজস্ব সৃজনশীল অনুভূতি প্রকাশ করেন।
অংশগ্রহণকারী পাঠকেরা তাদের অনুভূতিতে উল্লেখ করেন, “বেগম রোকেয়ার এই বইটি আজও আমাদের অবরুদ্ধতার শেকল ভাঙতে এবং একটি মানবিক ও সাম্যবাদী পৃথিবী গড়তে অনুপ্রাণিত করে।”
সভাপতির বক্তব্যে রত্নদীপ দাস রাজু বলেন, নতুন প্রজন্মের মাঝে এই দূরদর্শী সাহিত্যকর্মের বার্তা পৌঁছে দিতেই মুক্তিযুদ্ধ জাদুঘর ও বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার যৌথভাবে এই পাঠচক্রের আয়োজন করেছে।”
বিজ্ঞান ও শিক্ষার আলোয় সমাজ থেকে অন্ধকার দূর করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তরুণ সমাজকর্মী বিশ্বজিৎ দাশ নারায়ণ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, পাঠক ফোরামের সহ সভাপতি সজীব দাশ, সাংগঠনিক সম্পাদক তীর্থ দাশ, সহ সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাঠক এবং ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।