হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বর্ষার বিশাল জলরাশি বিদায় নিতেই হাওরের জনপদ সুনামগঞ্জের শাল্লা উপজেলাজুড়ে ভেসে উঠেছে ফসলী জমির উর্বরতার প্রধান উপকরণ সোনালী পলিমাটি। বর্ষায় উজান থেকে নেমে আসা পলিতে সমৃদ্ধ বিস্তৃত ভূমি যেন নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। এর সঙ্গে দিগন্তজোড়া মাঠে জেগে উঠেছে নতুন আশা আর হাওরজুড়ে বইছে নতুন জাগরণের সুর। কৃষকরাও নতুন স্বপ্নে বিভোর। সুন্দর আগামীর স্বপ্ন বুনছেন।
পলিসমৃদ্ধ দিগন্ত বিস্তৃত হাওরের নতুন সম্ভবনায় কৃষক-কৃষাণীদের চোখেমুখে খেলা করছে নতুন এক ভোর। একদিকে কড়া রোদ ও ফুরফুরে বাতাসের স্পর্শে পলি শুকিয়ে উঠতে শুরু করেছে অন্যদিকে গ্রামের উঠোন ও ক্ষেত-খামারে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
রবিশস্য বোনা, বীজতলা তৈরি করা সহ বোরো মৌসুমের সার্বিক কর্মযজ্ঞ ঘিরে শাল্লার প্রতিটি কৃষক পরিবারেই এখন চূড়ান্ত প্রস্তুতির তোড়জোড়। দারুণ ব্যস্ততায় সময় পার হচ্ছে।
কৃষকরা জানান, বর্ষায় হাওর পানিতে থৈ থৈ করলেও পানি নেমে যাওয়ার পর পলিমাটিই তাদের বেঁচে থাকার প্রধান শক্তি হয়ে দাঁড়ায়। এই উর্বর পলিতেই বোনা হবে আগামী দিনের স্বপ্ন, যা পুরো হাওর অঞ্চলের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি জীবনের অনিশ্চয়তাকে জয় করার নতুন প্রেরণা জোগাবে।