সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা দায়িত্ব পালন করছে।
সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত সর্বমোট ৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ উপজেলায় একটি বেইজ ক্যাম্প স্থাপন করে ১৯ বিজিবি হতে ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর/৪ আশ্বিন) শারদীয় দুর্গাপূজায় মোতায়েনকৃত প্লাটুনের সার্বিক দায়িত্বে নিয়োজিত অফিসার হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো সোহেল আলম, পিবিজিএম জকিগঞ্জ উপজেলার পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন।
এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা কমিটির নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন। সংবাদ বিজ্ঞপ্তি