দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন
শনিবার (১৭ অক্টোবর/১ কার্তিক) দিনব্যাপী তারা উপজেলার রাজানগর ইউনিয়নে ৪টি, চরনারচর ইউনিয়নে ৮টি ও সরমঙ্গল ইউনিয়নে ৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে দিরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মনোজ কান্তি পুরকায়স্থ, সদস্য সচিব স্বাধীন চৌধুরী, দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ রায় এবং সদস্য হিল্লোল পুরকায়স্থ, দিপংকর বনিক ও বিজন দাস সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।