সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু সোমবার

প্রকাশিত October 11, 2026
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু সোমবার

জলাতঙ্ক রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে সোমবার (১২ অক্টোবর) থেকে সিলেটে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। মহানগরীর ৪২টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে।
বেওয়ারিশ কুকুর ছাড়াও ব্যক্তিগত কুকুর টিকাদানের আওতায় আসবে। টিকাদানের পর প্রতিটি কুকুরকে রঙ দিয়ে চিহ্নিত করা হবে, যাতে একটি কুকুরও টিকা থেকে বাদ না পড়ে।
সোমবার সকাল ১১টায় মহানগরীর মির্জাজাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া সম্ভব হলে মানুষের মধ্যে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে।
প্রাথমিক পর্যায়ে ৪ হাজার কুকুরকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি