প্রতিটি শিশু আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা : প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত October 6, 2026
প্রতিটি শিশু আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা : প্রধানমন্ত্রী তারেক রহমান

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও শিশু অধিকার দিবস-২০২৬ পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৬ অক্টোবর/২১ আশ্বিন) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিবসটি উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টি ও স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, শিশুর সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলা ও সার্বিক বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি শিশু একেকটি ফুল এবং আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। আজকের ছোট্ট শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের পথপ্রদর্শক, অভিভাবক, শিক্ষক কিংবা বিজ্ঞানী। তাই পরিবার থেকেই শিশুদের মূল ভিত্তি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সংস্কৃতি চর্চার পাশাপাশি শিশুদের নিয়মিত খেলাধুলাও করতে হবে । শিশুদের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও আত্মবিশ্বাস জাগ্রত করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।
মাঠ পর্যায় থেকে প্রতিভাবান শিশুদের তুলে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের কথা উল্লেখ করেন তিনি।
শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ছোট থেকেই শিশুর একাধিক ভাষা শেখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে।
এছাড়া শিশুদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রকৃতিকে ভালোবাসতে শেখানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) ও জেলা পুলিশ সুপার ড চৌধুরী মো যাবের সাদেক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পিআইডি সিলেট