নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প

প্রকাশিত October 1, 2026
নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনেক সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার এবং স্ট্রিটলাইট স্থাপনের কাজ শেষের পথে। কিছু কাজ চলমান রয়েছে এবং কিছু কাজ টেন্ডার প্রক্রিয়ায় আছে। ধারাবাহিকভাবে এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর/১৬ আশ্বিন) বিকেলে মহানগরীর ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসইকরণের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স চালুকরণ সহ আনুষঙ্গিক বিষয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগরীর মেজরটিলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সিসিক প্রশাসক বলেন, বিভিন্ন ইউনিয়নের অংশ সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় এসব এলাকার বাসিন্দারাও নগরীর অন্যান্য এলাকার মতো সব ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে এর সঙ্গে আরও ১৫টি ওয়ার্ড যুক্ত হয়েছে; কিন্তু সে অনুযায়ী সিসিকের নিজস্ব আয় বৃদ্ধি পায়নি। সিটি কর্পোরেশনের নিজস্ব আয় থেকেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা আরো সম্প্রসারণের জন্য সিসিকের নিজস্ব আয় বৃদ্ধি করা প্রয়োজন।
সিসিক প্রশাসক নগরবাসীকে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিসিকের সচিব মো আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো দেলোয়ার হোসেন নাদিম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, সাবেক কাউন্সির সাজেদা বেগম, মো আহমদুর রহমান চৌধুরী, মো মুহিবুর রহমান, হারুন রশীদ, মো তাহির আলী, মো আবুল কালাম ও শাহজাহান আহমদ সহ সিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি