শাল্লায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত October 1, 2026
শাল্লায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর/১৬ আশ্বিন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। তবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য বিদেশে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মো ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সহকারী পুলিশ সুপার হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও আব্দুল করিম সহ স্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক।
অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।