সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেনের ৯০ শতাংশ কাজ শেষ হবে ২০২৮ সালের মধ্যে

প্রকাশিত October 1, 2026
সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেনের ৯০ শতাংশ কাজ শেষ হবে ২০২৮ সালের মধ্যে

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কে ৬ লেনের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়ে যাবে।
তিনি আরো বলেছেন, সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত যে সমস্ত জায়গার জমি অধিগ্রহণের কারণে কাজে গতি কম ছিল, শীঘ্রই সে সমস্ত জায়গায় অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী জানান, সিলেট বিভাগের উন্নয়নের জন্য সরকার আগামী একনেক বৈঠকে ৫ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প পাস করবে। হবিগঞ্জের সকল উপজেলায় যেসব রাস্তা রয়েছে, সবগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে সিলেটের জন্যে এত বড় প্রকল্প কোনো সরকার গ্রহণ করেনি। উন্নয়নের মাধ্যমে বিএনপি এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।
তিনি বলেন, সরকার অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ে বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে। দেশে এসবের কোন অস্ত্বিত্ব থাকবে না। আগামী দিনে হবিগঞ্জবাসীও এর সুফল পাবেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আমাদের সামনে যে নেতা রয়েছেন তিনি শৃঙ্খলায় বিশ্বাসী। আমাদের দলও একটি সুশৃঙ্খল দল। কোন কিছুতেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবেনা। নেতার নির্দেশ মোতাবেক দলীয় নেতা-কর্মীদের কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের নেতা তারেক রহমান-এর বাইরে কোন নেতা নেই। আমরা সবাই দলের কর্মী।”
সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু ও এনামুল হকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা আবু মনসুর সাওখাত হাসান জীবন, সংসদ সদস্য সৈয়দ মো ফয়সল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, ডা আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, পৌর সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান, ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু প্রমুখ।