নিজস্ব প্রতিবেদক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ৯ হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় রজব আলী হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে।
বানিয়াচং উপজেলার কাঠখালী গ্রামের রজব আলীর মেয়ে গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় কয়েকজন বখাটে তাদের বাড়ির সামনে তাকে উত্ত্যক্ত করে।
রজব আলী তা দেখতে পেয়ে প্রতিবাদ করলে বখাটেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর জের ধরে পরবর্তী সময়ে বখাটেরা গ্রামের রাস্তায় রজব আলীকে একা পেয়ে তার ওপর হামলা চায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে বখাটেরা তাদের ওপর হামলা চালিয়ে তাদেরকেও আহত করে।
রজব আলী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে মারা যান।
এ ঘটনায় রজব আলীর ভাই বাদি হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদেরকে আইনের আওতায় আনতে এসআরবি- ৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বানিয়াচং উপজেলার সুবিদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রজব আলী হত্যা মামলার আসামি জাহাঙ্গীর মিয়াকে (৩৫, পিতা কুদ্দুস মিয়া, কাঠখালী, বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার করে।
একই দিন রাত পৌণে ৯টার দিকে অপর এক অভিযানে এসআরবি-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে অপর দুই আসামি কাঠখালী গ্রামের মৃত সুফি মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (৫৮) ও আফতাব মিয়াকে (৫০) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।