বিশ্বনাথে মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানার ছাত্রাবাস উদ্বোধন

প্রকাশিত September 26, 2026
বিশ্বনাথে মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানার ছাত্রাবাস উদ্বোধন

বিশ্বনাথ থেকে সংবাদদাতা : সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার হজরত শাহজালাল (র) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার নবনির্মিত মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর/১১ ভাদ্র) বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখরুদ্দীন ছাহেবজাদায়ে ফুলতলী। তিনি বলেন, একটি সমাজ কতটা উন্নত, তা মাপা হয় সেই সমাজ তার এতিম ও অসহায় শিশুদের কতটা আগলে রাখছে তার ওপর।
তিনি আরো বলেন, পনাউল্লাহ বাজারে যে ছাত্রাবাসটির শুভ সূচনা হলো এটি কেবল ইট-পাথরের চার দেয়াল নয়, এটি নূরে মোহাম্মদীর আলো ছড়ানোর একটি নিরাপদ আশ্রয়। এখানে দিনের হাফেজ তৈরি হবে, সুনাগরিক গড়ে উঠবে, যারা আগামী দিনে অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে।
প্রধান অতিথি আর্থিক সহায়তার জন্যে প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
হযরত শাহজালাল (র) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার সভাপতি নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব মুফতি এ কে এম মনোওর আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আব্দুল কাদির, আজাদ মেম্বার, ছৈফুল আলম, আলাউর রহমান, ছৈদ আলী, রাজন মিয়া, ইছাক আলী, গোলাব মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান তামীম। নাতে রাসূল পরিবেশন করেন রাহীম আহমদ। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।