এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আল মাদরাসাতুল আরাবিয়া আদ দ্বীনিয়া খোজারখলা মারকাজে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো আকিকুর রেজা।
সভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া ডেঙ্গুর বিপজ্জনক দিকগুলো ও সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার ডেঙ্গুর সাধারণ লক্ষণ ও বিপজ্জনক লক্ষণগুলো তুলে ধরে যথাসময়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
এছাড়াও তিনি ডেঙ্গু ও যেকোনো মশাবাহিত রোগ প্রতিরোধে ও মশার কামড় থেকে সুরক্ষার জন্য শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখে এমন পোশাক পরা এবং গর্ভবতী নারী, নবজাতক ও শিশুদের দিনে ও রাতে মশারি ব্যবহারের পাশাপাশি অন্যান্য করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করেন।
সপ্তাহে অন্তত ১ ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করা ও নিজে সচেতন হয়ে অন্যদেরকেও সচেতন করতে তিনি আহ্বান জানান।
এছাড়াও সভায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পিআইডি সিলেট