উন্নয়নকাজে মানের সঙ্গে কোনো আপস নয় : হুশিয়ারি সিসিক প্রশাসকের

প্রকাশিত September 23, 2026
উন্নয়নকাজে মানের সঙ্গে কোনো আপস নয় : হুশিয়ারি সিসিক প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট সকলকে হুশিয়ার করে দিয়ে বলেছেন, নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখে প্রতিটি উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর/৮ ভাদ্র) সকালে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কুইটুক ও মুক্তিরচক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এই হুশিয়ারি দেন।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারও উপস্থিত ছিলেন।
সিসিক প্রশাসক বলেন, মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে এলাকাবাসীকেও সজাগ থাকতে হবে। কারণ উন্নয়নকাজের প্রকৃত সুবিধাভোগী এলাকার জনগণ।
তিনি বলেন, নগরবাসীর অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি টাকাও যেন অপচয় না হয় এবং প্রতিটি টাকার বিপরীতে জনগণ যেন উন্নয়নের সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এ সময় তিনি সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নয়নকাজের গুণগত মান নিয়মিত তদারকি ও কার্যাদেশের শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেন।
পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, এলাকার মুরব্বি মঈন উদ্দিন, ইমরান আহমদ, ছাবু মিয়া ও জেবুল মিয়া সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক মহানগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি