পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ আরোপ

প্রকাশিত September 22, 2026
পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ আরোপ

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬ প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর/৭ ভাদ্র) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত কার্যক্রমের আওতায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারার আলোকে এই ক্ষতিপূরণ আরোপ করা হয়।
ছাড়পত্র গ্রহণ না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা ও ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।
এছাড়া তরলবর্জ্য দ্বারা পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৭০ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
ধার্যকৃত ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিআইডি সিলেট