মানুষের জীবনের ঘাত-প্রতিঘাতের চিত্র তুলে ধরছে সুনামগঞ্জের খবর

প্রকাশিত July 31, 2017
মানুষের জীবনের ঘাত-প্রতিঘাতের চিত্র তুলে ধরছে সুনামগঞ্জের খবর

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটানা ৫ বছর প্রকাশনা বজায় রাখা অত্যন্ত কঠিন বিষয়। দৈনিক সুনামগঞ্জের খবর সেই কঠিন কাজে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
তিনি আরো বলেন, পত্রিকার মাধ্যমে জনগণের সাথে নিবিড় সংযোগ গড়ে উঠে। পত্রিকার পাতায় মানুষের সাথে স্থানীয় নানা সমস্যা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উঠে আসে।
প্রতিমন্ত্রী বলেন, দৈনিক সুনামগঞ্জের খবর যেভাবে সাধারণ মানুষের জীবনের ঘাত-প্রতিঘাতের চিত্র তুলে ধরছে তা যেন অব্যাহত থাকে। একই সাথে প্রাকৃতিক দুর্যোগ, সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও সফলতা নিয়মিত উঠে আসবে। তাহলেই জেলাবাসী উপকৃত হবেন। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ও থাকতে পারে।
রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে দৈনিক সুনমগঞ্জের খবরের ৫ম বর্ষপূর্তির সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার দেবের সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম ও বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-মৌলভীবাজার আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম ও দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু।
অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিংকুর সৌজন্যে বর্ষসেরা প্রতিনিধি হিসাবে পুরস্কার তুলে দেয়া হয় জগন্নাথপুর অফিস প্রধান অমিত দেব ও আলী আহমদকে।
অনুষ্ঠানে জেলার ১০ শিক্ষার্থীকে ‘শিক্ষাসংগ্রামী সম্মাননা’ প্রদান করার আগে তাদের জীবনচিত্র সকলকে জানান দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে। শিক্ষাসংগ্রামী সম্মাননা যাদের দেয়া হয়, তারা হলেন, ধর্মপাশা উপজেলার কামিয়াম গ্রামের সায়মা জাহান ফনি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের মাহবুব আলম, দিরাই উপজেলার শুকুরনগর গ্রামের পিনু বৈষ্ণব ও মাহতাবপুর গ্রামের অমিত দাস, বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর গ্রামের নূর মোহাম্মদ, দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের ঝলক দাস, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া এলাকার প্রণব দাস, সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের কবির হোসেন ও হাছনবাহার গ্রামের কামরান আহমদ এবং সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকার অনীক পাল।