নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নকল ওয়াকিটকিসহ র্যাব পরিচয় দানকারী একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি/৩০ মাঘ) জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার কাঁচা রাস্তার উপর এক ব্যক্তি র্যাব পরিচয়ে লোকজনকে ভয়ভীতি প্রদান করে টাকা-পয়সা আদায়ের চেষ্টা করছিল।
গোপন সূত্রে এ খবর পেয়ে র্যাবের এক গোয়েন্দা সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে ওয়াকিটকি সেট সঙ্গে নিয়ে থাকা সেই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে নিজেকে র্যাব সদস্য বলে পরিচয় দেয়; কিন্তু পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়।
এছাড়া র্যাবের গোয়েন্দা সদস্য লোকটির কাছে কোথায় কর্মরত আছে তা জানতে চাইলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং র্যাব গোয়েন্দা সদস্যকে হুমকি দিতে থাকে।
এ অবস্থায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সন্ধ্যা পৌণে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্য পরিচয় দানকারী সেই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে একটি ওয়াকিটকি সদৃশ ইলেক্ট্রনিক ডিভাইসসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভূয়া র্যাব মিঠুন মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে। তার নিকট থেকে ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে মিঠুন মিয়া জানায়, সে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূয়া পুলিশ/র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।