নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সহস্রাধিক বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (২৫ জুন) আনুমানিক রাত ১১টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামে মো. রমজান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালালে বসতঘর থেকে তিন জন পালানোর চেষ্টা করে; কিন্তু একজন ধরা পড়ে যায়।
পরে ধৃত মো. আবু মিয়ার (৪৭, পিতা মৃত সাদ আলী, ভাটিদল, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা জীবনপুর গাছঘর, কোম্পানীগঞ্জ, সিলেট) দেওয়া তথ্য অনুসারে মো. রমজান মিয়ার খাটের তলা থেকে ৪টি প্লাস্টিকের বস্তাভর্তি ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মো. আবু মিয়া ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে জব্দকৃত আলামত সহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।