জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা

প্রকাশিত June 17, 2025
জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির ১৮ জুনের রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন/৩ আষাঢ়) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) এ ঘোষণা দেন।
তিনি জানান, তাদের দাবি-দাওয়ার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মামুনুর রশীদ জানান, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামত ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন, ৬ মে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। স্মারকলিপি প্রদান করা হয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর। এসময়, দাবি পূরণে একমাসের মধ্যে কোনো উদ্যোগ দৃশ্যমান না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছিলো।
আরও ঘোষণা করা হয়েছিলো, প্রয়োজনে ১৮ জুন রোডমার্চ করে সিলেটে এলজিইডি ভবন ঘেরা হবে।
তিনি জানান, এরপর সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর কিছু উদ্যোগ দৃশ্যমান হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ দিয়েছে জকিগঞ্জের নদী ভাঙন রোধে বাঁধ মেরামতে। সড়কগুলো মেরামতের বিষয়টি এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বসহকারে আমলে নিয়েছেন। তবে কর্মকর্তারা অর্থসংকটের উল্লেখ করে কিছুটা সময় চেয়েছেন।
বিএনপি নেতা জানান, শেওলা-জকিগঞ্জ সড়ক, কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক, আটগ্রাম-জকিগঞ্জ সড়ক, কানাইঘাটের বুরহান উদ্দিন সড়ক, কানাইঘাট-দরবস্ত সড়ক ও গাছবাড়ি-হরিপুর সড়ক দ্রুত মেরামতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের একটি আলাদা প্রকল্প পরিকল্পনা রয়েছে।
এছাড়া কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সুরমা নদীতে একটি সেতু নির্মাণের বিষয়েও এলজিইডি কর্মকর্তাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও সাংগঠনিক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক, ওয়েস আহমদ ও আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী, কোষাধ্যক্ষ আবুল বাসার প্রমুখ।