জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কার ও ভাঙ্গন রোধে প্রশাসনে স্মারকলিপি জনদাবী পরিষদের

প্রকাশিত June 16, 2025
জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কার ও ভাঙ্গন রোধে প্রশাসনে স্মারকলিপি জনদাবী পরিষদের

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কার ও ভাঙ্গন প্রতিরোধে প্রশাসনে স্মারকলিপি পেশ করা হয়েছে।
জনদাবী আদায় পরিষদ জকিগঞ্জ সোমবার (১৬ জুন/২ আষাঢ়) জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের নিকট এই স্মারকলিপি দেয়।
এতে দ্রুত নদীর বেড়িবাঁধ মেরামত করে আসন্ন বন্যা থেকে জকিগঞ্জকে রক্ষার পাশাপাশি বিপর্যস্ত শেওলা-জকিগঞ্জ সড়ক মেরামত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবি জানানো হয়।
স্মারকলিপি পেশকালে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েন।
এসময় তিনি ১৫ দিনের মধ্যে নদীর ক্ষতিগ্রস্ত বড়িবাঁধ সংস্কার করার আশ্বাস দেন।
জনদাবী আদায় পরিষদের আহ্বায়ক মুফতি আবুল হাসান ও সদস্য সচিব মোস্তাক আহমদের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দলে আরও ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম. মামুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, পৌর আল ইসলাহ্র সভাপতি কাজী হিফজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাধারণ সম্পাদক মাওলানা জমিল আহমদ, খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, জেলা কৃষক দলের সদস্য মুনিম আহমদ, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ, পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমূখ।