আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েতের অফিস দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ || আহত অর্ধশতাধিক

প্রকাশিত April 25, 2025
আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েতের অফিস দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ || আহত অর্ধশতাধিক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম পঞ্চায়েত সমিতির অফিস হিসেবে ব্যবহৃত ঘরটির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল/১২ বৈশাখ) সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতিবছর আশেপাশের জমি, পুকুর ও ডোবা ইজারা দিয়ে থাকে। এভাবে সংগঠনের তহবিলে বেশকিছু টাকা জমা হয়েছে।
এতদিন এই অফিস ঘরের নিয়ন্ত্রণ গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে আপত্তি তুলেন। এনিয়ে কয়েক দিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরেই আজ সকালে উভয় পক্ষ পরস্পরকে ডাকাডাকি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. বি. এম মাইদুল হাসান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।