বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলায় টমটমে যাত্রী উঠা-নামা নিয়ে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ/১৯ ফাল্গুন) উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।
এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার বুল্লাবাজারে টমটমে (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী উঠা-নামা নিয়ে দাইরলের অটোচালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লাখাই থানার ওসি বন্দে আলীর নম্বরে কয়েকবার ফোন করেও পাওয়া যাওনি।