বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার রক্ষা নেই। বর্তমান অন্তর্র্বতী সরকার হাসিনা ও তার দোসরদের বিচার না করলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিএনপি হাসিনা ও তার দোসরদের বিচার করবে। তাদের ক্ষমা নেই।
তিনি আরো বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে অন্যায়-অবিচার করেছে সেজন্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে।
বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায় বলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উল্লেখ করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি হবিগঞ্জে দ্রব্যমূলের উর্ধগতি রোধ, আইনশৃংখলার উন্নতি, স্বৈরাচারের দোসরদের বিচার ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দীকি, কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্মআহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিললুর রহমান।