নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সংগ্রামে মুক্তিবাহনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে রবিবার (১৬ ফেব্রুয়ারি/৩ ফাল্গুন) সকালে জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি সামরিক মর্যাদায় হযরত শাহজালাল (র) মাজার কবরস্থানে বঙ্গবীরের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে বঙ্গবীরের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।