মুখের কথা নয়-বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে যেতে হবে : সামান্তা শারমিন

প্রকাশিত February 14, 2025
মুখের কথা নয়-বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে যেতে হবে : সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টের গণহত্যা সহ ১৫ বছরের গুম-খুন-নির্যাতনের জন্যে বাংলাদেশের জনগণের কাছে দলগতভাবে ক্ষমা প্রার্থনা না করলে গ্রহণযোগ্যতা থাকবে না।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দল নিষিদ্ধের সুর্নিদিষ্ট রাজনীতি আছে। জাতীয় নাগরিক কমিটি মুখের কথায় নিষিদ্ধের পক্ষে নয়। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দিকে যেতে হবে।
তবে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে পিছপা হচ্ছে বলে সামান্তা শারমিন উল্লেখ করেন।
তিনি বলেন, গত ১৫ বছরের গণহত্যার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে জনগণ সেই দলকে চিনে রাখবে।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানান, নতুন রাজনৈতিক দল আসছে। নতুন-পুরাতন সব দলকেই জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে।