তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওড়ে ৪০ হাজার হিজল ও করচ গাছের চারা রোপণ করা হচ্ছে।
হাওড়ে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বনায়নের অংশ হিসেবে সিলেট বন বিভাগ এ কার্যক্রম হাতে নিয়েছে। এ কাজে সহযোগিতা করছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ-টাওয়ার সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
বন বিভাগ জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় রামসার সাইট টাঙ্গুয়ার হাওড়ে সিলেট বন বিভাগের তত্বাবধানে ৬২ একর জায়গা জুড়ে চারা রোপণ করা হবে। মাসব্যাপী চলবে এ কার্যক্রম। এ পর্যন্ত ৩০ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে।
পরে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্লাস্টিক দূষণ বর্জন করি-পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।