দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) সন্ধ্যা ৭টায় মোবাইল সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান বিকাশের সহযোগিতায় শাহ আব্দুল করিম পরিষদ ও উজানধল গ্রামবাসী আয়োজিত এ উৎসব শুরু। আগামীকাল শনিবার তা শেষ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউল সম্রাটের ছেলে গীতিকার শাহ নূর জালালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিকাশের হেড অব ডিপার্টমেন্ট (রেগুলেটরি এন্ড করপোরেট অ্যাফেয়ার) মেজর জেনারেল মনিরুল ইসলাম। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলি আহমদ। সঞ্চালনায় ছিলেন দিপুমনি দাস।
বক্তারা বলেন, মানুষের কল্যাণ ও মুক্তিই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের দর্শন ও গানের মূল কথা। তার সৃষ্টিকর্মের চর্চা বাড়াতে হবে। এই উজানধলের মাটি, প্রকৃতি আর কালনী নদীর ঢেউয়ে মিশে আছেন তিনি। মানুষই ছিল তার ধ্যানজ্ঞান ।
উদ্বোধন শেষে মঞ্চে বাউল সম্রাটের জনপ্রিয় গান গাইতে শুরু করেন তার শিষ্যরা। গান গেয়ে শোনান, বাউল রনেশ ঠাকুর, বাউল আব্দুর রহমান, বাউল অসিম রায় চৌধুরী, বাউলিয়ানা ফয়সাল, সিরাজ উদ্দিন, শারমিন আক্তার, শিপন আহমেদ, আব্দুল তোহায়েদ, শান্তা প্রমুখ।
উৎসবে সারা দেশ থেকে আসা ভক্ত-সাধকদের পাশাপাশি সংগীতপ্রেমীদের পদচারণায় উজানধলের মাঠ মুখরিত হয়ে উঠেছে।