শাল্লায় হাওর রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন || এসওকে আইনের আওতায় আনার দাবি

প্রকাশিত January 7, 2025
শাল্লায় হাওর রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন || এসওকে আইনের আওতায় আনার দাবি

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাওর রক্ষা বাঁধের কাজে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি/২৩ পৌষ) উপজেলা সদরে পুরাতন শহীদ মিনারের সামনের রাস্তায় কৃষক-জনতা এ কর্মসূচি পালন করে।
উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের মো হাজিরুল ইসলাম আজহারের সভাপতিত্বে ও শাল্লা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মো শফি মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শান্ত মিয়া, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামের আমির হোসেন, নিত্যানন্দ দাশ নিতাই, সাইদুর রহমান ও হাফিজ আহমেদ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা-এসও রিপন আলী আওয়ামী লীগের দোসর। তিনি উপজেলার প্রকৃত কৃষকদের বঞ্চিত করে লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসিত করতে-এমনকি যাদের হাওরে জমি নেই তাদেরকেও ফসল রক্ষা বাঁধের পিআইসি অনুমোদন দিয়েছেন।
তার আশংকা করেন, এভাবে কাজ হলে হাওর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে। তাই প্রকৃত কৃষকদের মধ্যে পিআইসি বন্টন করে দিতে হবে।
বক্তাগণ এসও রিপন আলীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, অন্যথায় পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।