নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড সাখাওয়্ত হোসেন বলেছেন, ‘ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে। এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে এটা একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ, যদিও সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছে।‘
মঙ্গলবার (১৭ ডিসেম্বর/২ পৌষ) সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন, যে মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন।
এর আগে সিলেট মেরিন একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে ড এম সাখাওয়াত হোসেন ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
সিলেট মেরিন একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।
এবছর সিলেট মেরিন একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মাহমৃদুল আলম সায়েম কমান্ড্যান্ট স্বর্ণপদক অর্জন করেছেন।