ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ শনিবার

প্রকাশিত November 21, 2024
ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক : ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার (২৩ নভেম্বর) সিলেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সহ অন্যান্য নেতা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর/৬ অগ্রহায়ণ) দলের সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আহুত সংবাদ সম্মেলনে গণসমাবেশ সফলে গণমাধ্যম ও সিলেটবাসীর সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান ।
তিনি ১৯১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত দলের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে জানান, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দালনে তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন-নির্যাতিত হয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট বিভাগের ১৯ আসনেই প্রার্থী দিবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মুফতি মুজিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, চব্বিশের পরাজিত শক্তি নানাধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের কিছু কার্যকলাপেও তার চিন্তিত-উদ্বিগ্ন। রাষ্ট্রীয় পর্যায়ে বে-ইনসাফ হচ্ছে। ক্রমশ অবহেলিত ও গৌণ হয়ে যাচ্ছে বিপ্লবের চেতনা। নির্বাচন নিয়েও নানা সংশয় ও সন্দেহ জন্ম নিয়েছে। সরকার দেশের অর্থনীতিতে কাঙ্খিত অগ্রগতি নিশ্চিত করতে পারছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যারা বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা করবে, জাতি তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সকল প্রকারের বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য দেন ও দোয়া করেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী
দলের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নূর আহমদ কাসিমী, জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইবাদুর রহমান এবং গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া প্রধান মাওলানা মুহিব্বুল্লাহ সহ অন্যান্যে নেতা।