নবীগঞ্জে মসজিদে মাদক ব্যবসায়ীর অনুদান গ্রহণ না করায় মাদক মামলা দিয়ে পুলিশ সোপর্দ

প্রকাশিত November 18, 2024
নবীগঞ্জে মসজিদে মাদক ব্যবসায়ীর অনুদান গ্রহণ না করায় মাদক মামলা দিয়ে পুলিশ সোপর্দ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা হরতকিপাড়া জামে মসজিদে মাদক ব্যবসায়ীদের অনুদানের টাকা গ্রহণ না করায় ও খাস জমি দখলে বাধা দেওয়ায় মসজিদ কমিটির সেক্রেটারিকে অপহরণ করে মাদক মামলায় ফাঁসিয়ে পুলিশে সোপর্দের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর/৩ অগ্রহায়ণ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতকিপাড়া জামে মসজিদের সেক্রেটারি কাজল মিয়ার স্ত্রী তাছলিমা খানম এ অভিযোগ করেন।
তিনি জানান, তার স্বামী ১০ বছর যাবত এ দায়িত্ব পালন করছেন; কিন্তু একই গ্রামের উসমান গণি, তার ছেলে মিজানুর মিয়া, শাহিনুর মিয়া, মহিবুর মিয়া ও সুহিনুর মিয়া এবং আম্বর আলী মিলে গড়ে তোলা মাদক সিন্ডিকেট মসজিদে অনুদান দিতে চাইলে সেক্রেটারি হিসেবে তিনি অবৈধ টাকা মসজিদে নেওয়া যাবে না বলে প্রত্যাখ্যান করেন। এছাড়া এলাকার খাস জমি দখলেও তিনি এই সিন্ডিকেটকে বাধা দেন। তাই তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর এমনকি হত্যারও হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে গত ২০ অক্টোবর কাজল মিয়াকে মারপিট করে গুরুতর আহত করা হলে কাজল মিয়া ও তার ভাই কামাল মিয়া বাদি হয়ে দুটি মামলা দায়ের করেন।
তাছলিমা খানম অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজারের শমসেরনগর বাজারে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে কাজল মিয়াকে মাদক সিন্ডিকেট অপহরণ করে তার পকেটে ২ হাজার ৩৫০টি ইয়াবা টেবলেট ঢুকিয়ে তাকে সিলেটের জকিগঞ্জ থানায় সোপর্দ করে।
পরবর্তী সময়ে জকিগঞ্জ থানায় কাজল মিয়ার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
কাজল মিয়া নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় জিডি করতে গেলে পরিবারের সদস্যরা সেখানে দুব্যবহারে শিকার হন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।