নবীগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত || পাওয়া গেলো ১০ কেজির অধিক গাঁজা

প্রকাশিত October 27, 2024
নবীগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত || পাওয়া গেলো ১০ কেজির অধিক গাঁজা

নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে দিনারপুর কলেজের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর/১১ কার্তিক) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা সংঘটিত হয় ।
হাইওয়ে পুলিশ জানায়, চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশন বিহীন দ্রুতগামী মোটরসাইকেলটি মহাসড়কের উপর পড়ে থাকা ইটের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। এতে চালক জাকির হোসেন (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত জাকির হোসেন চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এসময় জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ও মোটর সাইকেলের আসনের ভিতরে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশ আজগর আলীকে আটক করেছে।