সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে : মৌলভীবাজারের জুড়ীতে ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা, জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় উপজেলার ফুলতলার বটুলি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের জন্য ইমিগ্রেশন চালুর আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে বিয়ানীবাজার বিজিবি (৫২ বিজিবি) জুড়ী প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৫২ বিজিবি অধিনায়ক লে কর্নেল মেহেদী হাসান, পিপিএম। জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি মো মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো জহির উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, ফুলতলা ইউপি মেম্বার ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, দছির উদ্দিন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, ইউনিয়ন বিএনপির সভাপতি সোহাগ মিয়া, ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খোকন রুদ্র পাল, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য হারিছ মোহাম্মদ, এলবিনটিলা চা বাগানের সহব্যবস্থাপক অঞ্জন তালুকদার, বিরইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, ফুলতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সায়খুল ইসলাম সাদি, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন পান্ডে, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আফজাল হোসেন ও জুড়ী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সেলিনা আক্তার।
মতবিনিময় সভায় ফুলতলার বটুলি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের জন্য ইমিগ্রেশন চালু, মাদক ও চোরাচালান বন্ধ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপন, পাকা রাস্তা নির্মাণ এবং কাঁটাতারের বেড়া দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷