আগামীকাল থেকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না মহানগরীতে

প্রকাশিত October 26, 2024
আগামীকাল থেকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না মহানগরীতে

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রবিবার (২৭ অক্টোবর) থেকে সিলেট মহানগর এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ-এসএমপির সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো রেজাউল করিম পিপিএম-এর সভাপতিত্বে এবং সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে এসএমপি কার্যালয়ে শনিবার (২৬ অক্টোবর/১০ আশ্বিন) সিলেট হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনার মো রেজাউল করিম, পিপিএম মতবিনিময় করেন।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সিলেট সিটি কর্পোরেশননের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, তালিকাভুক্ত ১ হাজার ৪০ জন হকার সিসিকের নির্ধারিত স্হানে কাল থেকে চলে যাবেন।
আরো সিদ্ধান্ত নেওয়া হয়, সিসিক হকারদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ, শেড নির্মাণ, রাস্তা নির্মাণ ও ড্রেন পরিস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্তকরণে এসএমপি ও সিসিক আগামীকাল থেকে কাজ শুরু করবে। আর রাস্তা ও ফুটপাত দখল করে দোকান না বসাতে হকার নেতৃবৃন্দ হকারদের উদ্বুদ্ধ করবেন। সূত্র তথ্য বিবরণী