জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৭.৫ লিটার দেশীয় মদসহ দুই জন আটক

প্রকাশিত October 15, 2024
জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৭.৫ লিটার দেশীয় মদসহ দুই জন আটক

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৭৪৭.৫ লিটার দেশীয় মদসহ দুই জন আটক হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর/৩০ আশ্বিন) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে এ অভিযান করা হয়। জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন, জগন্নাথপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ। তিনি জানান, এই মদের দোকানের লাইসেন্সে রানীগঞ্জ বাজারে ব্যবসা করার কথা রয়েছে। এছাড়া লাইসেন্সে শুধু মদ বিক্রি করার কথা; কিন্ত তৈরির নয়। অথচ লাইসেন্সধারী ব্যবসায়ী লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রানীনগর গ্রামে একটি মসজিদের পাশে দোকান খুলে মদ তৈরিসহ অনুমোদনের চেয়ে বেশি পরিমাণে মদ বিক্রি করছিলেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী অভিযান চালায়।
আটককৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪৮) ও একই গ্রামের কীর্তিরঞ্জন বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস (৪৪)।
পরে আলামতসহ আটককৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, আসামিদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।