সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, অনিরাপদ খাদ্য পরিবেশনের দিন শেষ। আগে পরীক্ষাগার ছিল একটা স্থায়ী জায়গায়। এখন মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে পরীক্ষাগারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
তিনি আরো বলেছেন, খাদ্যকে নিরাপদ ও খাবার উপযোগী করা ব্যবসায়ী-ভোক্তা সবার নৈতিক দায়িত্ব। সবাইকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেসব আইন কানুন আছে সেগুলো মেনে কাজ করতে হবে।
সোমবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সিলেট বিভাগের মোবাইল ল্যাবরেটরি ভ্যানের উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। স্বাগত বক্তব্য দেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন।
মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে ৩২ ধরনের খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব। এতে খাদ্যে ভারি ধাতুর উপস্থিতি, ভেজাল, রাসায়নিক দ্রব্য ও কীটনাশকের উপস্থিতি শনাক্ত করা যাবে। পিআইডি সিলেট