জকিগঞ্জ প্রতিনিধি : কুশিয়ারা নদীর এপারে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা সদর-ওপারে ভারতের করিমগঞ্জ জেলা শহর। কাস্টমস ঘাট দিয়ে এপারে ওপারে যোগাযোগ সারা বছর। তবে প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের শেষদিনে দুই পারে হাজারো মানুষের মিলনমেলা বসে। সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দেন। আর অন্য ধর্মের মানুষেরা দেবী দুর্গার বিদায়ক্ষণ প্রত্যক্ষ করতে সমবেত হন।
রবিবার (১৩ অক্টোবর, ২৮ আশ্বিন) আবারও সেই মিলনমেলা বসেছিলো। একসঙ্গে দুই দেশের সীমানা বরাবর ঢাকঢোল, কাঁসর, করতাল, মন্দিরা, বাঁশি ও শঙ্খ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে।
সনাতন ধর্মাবলম্বীরা চোখের জলে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানাতে শুরু করেন বিকেল ৩টায়। বিদায় সম্ভাষণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই সময়ে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রাসহ কাস্টমস ঘাটে এস প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এ সময় কুশিয়ারার দুই তীরে জড়ো হয়ে পূজারী, ভক্ত ও অনুরাগীরা মর্ত্যলোক থেকে কৈলাসের পথে দেবী দুর্গাকে নেচে গেয়ে বিদায় জানান।
কাস্টমস ঘাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ বিশ্বাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, বিএনপি নেতা হাসান আহমদ ও রিপন আহমদসহ রাজনৈতিক দলের কর্মী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। এছাড়াও কুশিয়ারা নদীতে স্পিডবোট নিয়ে টহল দেয় বিজিবি ও বিএসএফ। শেষপর্যন্ত সবকিছুই ভালোয় ভালোয় সম্পন্ন হয়।