নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো শের মাহবুব মুরাদ বলেছেন, ‘প্রবীণরা সমাজের গুরুজন। বিদ্যমান সভ্যতা-প্রগতি সবই গড়ে ওঠেছে প্রবীণদের হাতে। প্রবীণদের উত্তরাধিকার হচ্ছে নবীনরা। প্রবীণদের যথাযথ সম্মান দেওয়া ও তাদের শারীরিক-মানসিক প্রশান্তি নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব; কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করতে পারছি না। জীবন-বাস্তবতার তাগিদে আমাদের ঐতিহ্য একান্নবর্তী পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এর শিকার হচ্ছেন পরিবারের প্রবীণ ব্যক্তিরাই। তবে সিলেট ব্যতিক্রম। এখানকার মানুষ প্রবীণদের সম্মান করেন। তাই সিলেটে বৃদ্ধাশ্রম নেই।’
‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পবিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মঙ্গলবার, ১ অক্টোবর (১৬ আশ্বিন) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বনিক, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল। স্বাগত বক্তব্য বখেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আব্দুর রফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান ও রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আাতাউর রহমান খান সামছু।