মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার গাবতলি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে কর আদায় নিয়ে ইজারাদার ও সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চলাকালে প্রায় ১৫টি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। তাই মালিক-শ্রমিকরা গাবতলি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে কর্মবিরতি পালন করছেন।
এ ঘটনায় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবি, সড়ক-মহাসড়ক পৌরসভার ইজারার আওতায় পড়ে না।
ইজারাদাররা দাবি করেন, তারা পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডটি ইজারা নিয়েছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।