শাল্লার ৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে আইনজীবী শিশির মনিরের লিগ্যাল নোটিশ

প্রকাশিত September 26, 2024
শাল্লার ৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে আইনজীবী শিশির মনিরের লিগ্যাল নোটিশ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের শাসখাই, মৌরাপুর, আগুয়াই ও বিলপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর (১১ আশ্বিন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ও পল্লীবিদ্যুৎ সমিতির শাল্লা সাব-জোনাল অফিসের এজিএমকে তিনি এ নোটিশ দিয়েছেন।
নোটিশে শাল্লা উপজেলার এই ৪টি গ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পল্লীবিদ্যুৎ সংযোগ প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রাহনের জন্য নোটিশ গ্রহিতাসহ সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করে বলা হয়, অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে যথাযথ আইনি প্রতিকার চাওয়া হবে।
উল্লেখ্য, উপজেলার হবিবপুর ইউনিয়নে ২০১৬-১৭ অর্থ বছরে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ স্টেশনটি ২ বছর ধরে একেবারে বন্ধ। এ অবস্থায় শাসখাই গ্রামসহ বাজার, বিলপুর, মৌরাপুর ও আগুয়াই গ্রামের মানুষ প্রচণ্ড খরতাপে পুড়ছে; কিন্তু তাদের এই কষ্টের বিষয়টি কর্তৃপক্ষ আমলেই নিচ্ছে না ।
গ্রাহকদের অনেকে সৌর বিদ্যুৎ বাদ দিয়ে পল্লীবিদ্যুতের সংযোগের জন্য যোগাযোগ করেন; কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। এরপর ২০২০ সালের ৮ অক্টোবর চারশ গ্রামবাসীর স্বাক্ষরসহ এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট আবেদন জানায় পল্লীবিদ্যুতের সংযোগ নেওয়ার জন্যে। তাতেও কোন কাজ হয়নি।
এরপর থেকে নানা জায়গায় ধরণা দিয়েও ভাটি এলাকার কয়েক হাজার মানুষ কোনো ফল পাননি।