সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ || অটোরিকশা চলাচলে নতুন নিয়ম

প্রকাশিত September 24, 2024
সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ || অটোরিকশা চলাচলে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগীর প্রধান প্রধান সড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর (৯ আশ্বিন) থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই দিন থেকে সিএনজি অটোরিকশা চলাচলের ক্ষেত্রে চালু করা হয়েছে নতুন নিয়ম। আশা করা হচ্ছে, এতে নগরজীবনে অনেকটা স্বস্তি আসবে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পূর্ব নির্দেশনা অনুযায়ী, সিলেট মহানগরী এলাকায় এখন চলছে সবুজ রঙের উপর হলুদ বর্ডার চিহ্নিত অটোরিকশা। একইভাবে সাদা বর্ডার চিহ্নিত অটোরিকশা চলছে মহানগরীর বাইরে। কেবল রোগী পরিবহন বা জরুরি প্রয়োজন ছাড়া সাদা বর্ডার চিহ্নিত অটোরিকশা মহানগরীতে প্রবেশ করতে পারবে না।
সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন পয়েন্টে নতুন নিয়ম কার্যকরে সিলেট মহানগর পুলিশ অভিযান পরিচালনা করে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো রেজাউল করিম অভিযান পর্যক্ষেণ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ও সিএনজি অটোরিকশা চলাচলে নতুন নিয়ম চালুর ফলে কেবল যানজটই কমবে না-ছিনতাইসহ নানা ধরনের অপরাধও দূর হবে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এখন থেকে মহানগরীর বাইরের অর্থাৎ সবুজের উপর সাদা বর্ডার চিহ্নিত সিএনজি অটোরিকশা সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে এসে দক্ষিণ সুরমার চণ্ডিপুলে, সিলেট-জকিগঞ্জ ও সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে এসে হুমায়ুন রশিদ চত্বরে, সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে এসে টিলাগড়ে, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে এসে আম্বরখানায় এবং সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে এসে মদিনা মার্কেট এলাকায় থামবে।
এসব স্থানে মঙ্গলবার সকাল থেকে চেক পোস্ট বসিয়েছে ট্রাফিক পুলিশ। প্রথমে পুলিশের এ নির্দেশনা মানাতে অটোচালকদেরকে কাউন্সিলিং করা হবে। তা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।