জৈন্তাপুর কানাইঘাট ও বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু || আহত ৪ জন

প্রকাশিত September 21, 2024
জৈন্তাপুর কানাইঘাট ও বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু || আহত ৪ জন

আল হাবিব : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে ৫ জন মারা গেছেন।
শনিবার, ২১ সেপ্টেম্বর (৬ আশ্বিন) দুপুর আকস্মিক বৃষ্টি নামে। সঙ্গে ঝড়োহাওয়া। এক পর্যায়ে কয়েকবার বজ্রপাতও হয়।
এই বজ্রপাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুজনের মৃত্যু হয়। এরমধ্যে জৈন্তাপুর সদর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) বাড়ির কাছে ও ভিত্রিখেল বড়বন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫) মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।
এছাড়াও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি এলাকায় নূর উদ্দীন (৬০) মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় আরও ৪ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে, উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮) জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রাঘাতে মৃত্যুবরণ করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে বাড়ির পাশের জমি থেকে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম আহত হন। তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।