সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো রেজাউল করিম ট্রাফিক বিভাগের অফিসার ও ফোর্সদের সঙ্গে ব্রিফিং সভা করেছেন।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর (৪ আশ্বিন) এসএমপি পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাসের সঞ্চালনায় ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন, এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।
পুলিশ কমিশনার সিলেট মহানগরীর জনদুর্ভোগ লাঘব করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।
তিনি অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সকলকে সতর্ক করেন।
পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা।
সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের সদস্যদের নিকট থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তথ্য বিবরণী