পাকিস্তানি গণবিরোধী শিক্ষানীতি প্রতিহত করার রক্তাক্ত স্মৃতি বিজড়িত মহান শিক্ষা দিবস আজ

প্রকাশিত September 17, 2024
পাকিস্তানি গণবিরোধী শিক্ষানীতি প্রতিহত করার রক্তাক্ত স্মৃতি বিজড়িত মহান শিক্ষা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ মহান শিক্ষা দিবস। পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত এই দিনটি প্রতি বছর ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়।
তবে আজ সিলেটে কোনো কর্মসূচি নেই। ছাত্রফ্রন্ট আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আম্বরখানা বড়বাজার রাস্তার মুখের বিপরীতে মানববন্ধন করবে। পরে বাসদ কার্যালয়ে আলোচনা সভা করার কথাও রয়েছে।
উল্লেখ্য, ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া ‘শরীফ কমিশন’ প্রণীত শিক্ষানীতি প্রতিহত করতে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে উঠে। এর ধারাবাহিকতায় ‘অল-পার্টি স্টুডেন্ট অ্যাকশন কমিটি’ দেশব্যাপী হরতালের ডাক দেয়।
এই সর্বাত্মক হরতাল চলাকালে ঢাকায় হাইকোর্ট মোড়ে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালায়। এতে শহীদ হন মোস্তফা, বাবুল ও ওয়াজীউল্লাহ সহ কয়েকজন। সেই থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন প্রতি বছর ১৭ সেপ্টেম্বরকে ‘মহান শিক্ষা দিবস’ হিসেবে পালন করছে। ঋণ স্বীকার : দৈনিক শিক্ষা