কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত September 14, 2024
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ এক তথ্য বিবরণীতে জানায়, গত ৬ আগস্ট সকাল পৌণে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা বেআইনি জনতার যোগসাজসে মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কারাগারের ভিতরে কর্তব্যরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। তখন কারাগারের সকল ভবনের বন্দিরা কারাভবন থেকে বেরিয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এসময় তাদের হাতে ২৫ জন কারারক্ষী গুরুতর আহত হন।
দাঙ্গা-হাঙ্গামা চলাকালে কারা অভ্যন্তরে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মই বানিয়ে দুপুর ১টা থেকে ২টার মধ্যে কারাগারের পশ্চিম দিকের সুরক্ষা প্রাচীরের উপর দিয়ে কারাবন্দিরা পালিয়ে যায়।
এ ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদি হয়ে ১৯৯ জন পলাতক কারাবন্দির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ জন কারাবন্দির বিরুদ্ধে গাজীপুর মহানগর পুলিশের কোণাবাড়ী থানায় ১৫ আগস্ট একটি মামলা দায়ের করেন।
এ ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল শনিবার, ১৪ সেপ্টেম্বর (৩০ ভাদ্র) রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (জেলবন্দি নং-৩৪২৯/এ) পলাতক আসামি ইদ্রিস মিয়াকে (৪০, পিতা মৃত ইসমাইল মিয়া, ছাতকছড়া, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।