বাংলাদেশ বিমানে টিকেটের দাম কমানোর দাবি জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

প্রকাশিত September 9, 2024
বাংলাদেশ বিমানে টিকেটের দাম কমানোর দাবি জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

নূরুল ইসলাম, লন্ডন, ইউকে : বাংলাদেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালনকারী প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সোচ্চার হওয়ার লক্ষ্যে বিলেতের প্রতিটি রিজিওনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ বিমানে টিকেটের দাম কমানোর দাবি জানানো হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের উডহ্যাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভার মাধ্যমে সাউথ ইস্ট রিজিওন ইস্ট লন্ডন ব্রাঞ্চের সদস্য সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জয়েন্ট কনভেনর মো তাজুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ ড এম মুজিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর শিপার রেজাউল করিম, কদর উদ্দিন, সাদিক আহমদ, সৈয়দ করিম সায়েম, আব্দুল বাসিত রফি, খান জামাল নূরুল ইসলাম, গিয়াস উদ্দিন, আজম আলী, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদির রাজু, মো আফজাল আহমদ, মো আলাল আহমদ, জয়নুল হোসেন, জুবায়ের আহমদ, জয়নুল হোসেন, আব্দুল আহাদ, কামরুজ্জামান ও আব্দুল মালিক।
সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামমাত্র আন্তর্জাতিক না রেখে পূর্ণাঙ্গ লজিস্টিক ও অপারেশনাল ফ্যাসিলিটি প্রদানের মাধ্যমে সকল আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বাংলাদেশ বিমানের টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদ এবং সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, বিমানের নৈরাজ্য ও অনলাইন টিকেট জটিলতা নিরসন, প্রবাসীদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধান ও সকল প্রকার হয়রানি বন্ধের দাবি জানান।
এছাড়াও সভায় বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের অবদানকে যথাযথ বিবেচনায় রেখে বিভিন্ন সেক্টরে প্রবাসীদের অংশগ্রহণকে সাংবিধানিকভাবে যুক্ত করার আহবান জানানো হয়।
উল্লেখ্য, অনলাইনে অথবা প্রিন্ট সদস্য ফরম পূরণ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সদস্য হওয়া যাবে।