জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সহকর্মীর উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে শিক্ষকরাও কর্মবিরতি পালন করেছেন ।
সোমবার, ২ সেপ্টেম্বর (১৮ ভাদ্র) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এসময় তারা শিক্ষকের উপর হামলার ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে বাদি হয়ে মামলা দায়ের, হামলার সাথে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন, সাবেক শিক্ষার্থী মাজেদ আহমদ, সুলতান আহমদ ইমন, জিনাত সুলতানা নিপা, বর্তমান শিক্ষার্থী সাইফুর রহমান, আরিফুল ইসলাম, শাহীন ইসলাম প্রমুখ।
শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বহিরাগত সন্ত্রাসী ও কয়েকজন শিক্ষার্থী মিলে কলেজ ক্যাম্পাসে হামলা চালায় ও ভাংচুর করে। এসময় সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন আহত হন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেদিন বিকেলেই হামলার ব্যাপারে সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন।