সাইফুল ইসলাম সুমন, জুড়ী : কয়েকদিনের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৃ্তীয় দফা বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের জুড়ী। ইতোমধ্যে প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন এলাকা। এতে বৃহস্পতিবার, ২২ আগস্ট (৭ ভাদ্র) বিকেল পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ৪০ হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা উৎকণ্ঠায় দিন পার করছেন ।
উপজেলার ফুলতলা, সাগরনাল ও জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আকস্মিক বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন লোকজন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। তাদের মধ্যে বিভিন্ন সামাজিক সংস্থা শুকনো ও রান্না করা খাবার বিতরণ করছে।
ফুলতলা ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের রফিকুল ইসলাম জানান, সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে দেখেন, উঠোন ও ঘরের একাংশ বানের পানিতে ডুবে গেছে।
সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের আব্দুল মুহিত মুতলিব জানান, এক সপ্তাহ পূর্বে ৩ বিঘা জমিতে আমন ধান রোপন করেছিলেন; কিন্তু বন্যায় তলিয়ে গেছে।
হাকালুকি হাওরপারের বেলাগাঁও গ্রামের লিটন মিয়া জানেন না, বন্যার সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে।
বন্যায় জুড়ী-বিটুলী আঞ্চলিক মহাসড়কসহ এই এলাকার অধিকাংশ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ। জুড়ী-লাঠিটিলা সড়কের বিস্তর এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার পূর্বাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর জানান, উপজেলার ৬ ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। খোলা হয়েছে ২৮টি আশ্রয়কেন্দ্র। এরমধ্যে ৩টি আশ্রয়কেন্দ্রে ২৩টি পরিবার আশ্রয় নিয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে বলেও ইউএনও জানিয়েছেন।